ads

চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, রেস্তোরাঁয়ও মিলছে না খাবার



গ্যাস না থাকায়, বাসার ছাদে লাকড়ির চুলায় রান্না করছেন এক গৃহিনী। আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে

গ্যাস না থাকায়, বাসার ছাদে লাকড়ির চুলায় রান্না করছেন এক গৃহিনী। আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতেছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের কোথাও আজ শুক্রবার সকাল থেকে সরবরাহ লাইনে গ্যাস পাননি গ্রাহকেরা। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার না করায় এ নিয়ে গ্রাহকদের কোনো রকম প্রস্তুতিও ছিল না। সকালে গ্যাস বন্ধ থাকায় অনেকেই রেস্তোরাঁয় খাবারের জন্য লাইন দিয়েছেন। কিন্তু বহু রেস্তোরাঁয় রান্নাও হয়নি। অনেক এলাকায় বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে রান্নার কাজ সারতে হচ্ছে গ্রাহকদের।


এদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। এ কারণে সড়কে কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ নিয়ে ভোগান্তি ছিল তুলনামূলক কম।



আজ সকাল ১০টায় চট্টগ্রামে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান। তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি গতকাল বৃহস্পতিবার চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এ ছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।


গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাস মিলছে না। তবে গ্যাস সরবরাহ শুরু হলেই যাতে আগে গ্যাস পান সে জন্য আজ ভোর পাঁচটা থেকে ফিলিং স্টেশনের সামনে লাইন ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকেরা। আজ বেলা ১১ টায় নগরের সিটি গেট এলাকায়

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাস মিলছে না। তবে গ্যাস সরবরাহ শুরু হলেই যাতে আগে গ্যাস পান সে জন্য আজ ভোর পাঁচটা থেকে ফিলিং স্টেশনের সামনে লাইন ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকেরা। আজ বেলা ১১ টায় নগরের সিটি গেট এলাকায়জুয়েল শীল

আমিনুর রহমান আরও বলেন, আজ সারা দিন গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সামিটের টার্মিনালটি খালি করা হচ্ছিল। এটিও রক্ষণাবেক্ষণের কাজে যাওয়ার কথা আছে। সব মিলিয়ে কখন পরিস্থিতি ভালো হবে বলা যাচ্ছে না।



Post a Comment

0 Comments